এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নতুন অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার দাম ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরে ২১০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্যঝুঁকির বিষয় বিবেচনায় নিয়েই তামাক ও তামাকজাত পণ্যের ওপর এ মূল্য সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা। প্রস্তাব কার্যকর হলে এ স্তরে দাম বাড়বে ২ টাকা। মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ ১২ টাকা বেশি গুনতে হবে ভোক্তাদের।
উচ্চ স্তরের সিগারেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, এতে ২০ টাকা বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বেশি দাম বাড়ছে প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরে- বর্তমান ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ ২৫ টাকা বেশি দিতে হবে ভোক্তাদের।

