বিপিএলের ১১তম আসরে তৃতীয় ম্যাচে দেখা মিলেছে দুইশর বেশি রানের। চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার ঝড়ো ফিফটি ও উইলিয়াম বোসিস্তোর নির্ভার ব্যাটিংয়ে চিটাগংকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগং। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০৩ রান তুলেছে খুলনা।
খুলনাকে ভালো শুরু এনে দেন নাঈম শেখ। ইনিংস লম্বা করতে পারেননি। একটি চার ও তিন ছক্কায় ১৭ বলে ২৬ রান করে ফিরে যান। একপ্রান্ত আগলে রেখে এগোতে থাকেন আরেক ওপেনার উইলিয়াম বোসিস্তো। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন। দলীয় ৮৮ রানে ফিরে যান মিরাজ। ১৮ বলে ১৮ রান করে। এরপর দ্রুত ফিরে যান ইব্রাহিম জাদরান (৬) ও আফিফ হোসেন (৮)।
১৪.২ ওভারে ১১৭ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে আসেন অঙ্কন। ঝড়ো ব্যাটিংয়ে ১৮ বলে ফিফটি পূর্ণ করেন। খুলনাকে দুইশো রানে পৌঁছে ইনিংস শেষ করেন। এক চার ও ছয়টি ছক্কায় ২২ বলে ৫৯ রান করে অঙ্কন, আট চার ও তিন ছক্কায় ৫০ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন বোসিস্তো।
চিটাগংয়ের হয়ে দুটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।







