বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন, দুই দেশের বন্ধুত্বের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশ দুটি বন্ধুত্বপূর্ণ দেশ। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে, উভয় দেশ একে অপরকে সম্মান করেছে। চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। যৌথভাবে দুই দেশ উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করছে যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শি জিনপিংয়ের প্রত্যাশার কথা জানিয়ে বলা হয়, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শেখ হাসিনার সাথে শি জিনপিং যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য উভয় দেশের যৌথ প্রচেষ্টা প্রত্যাশা করেন চীনের প্রেসিডেন্ট। একই সাথে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে রাজনৈতিকভাবে পারস্পরিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত এ বন্ধুত্বকে আরও উন্নীত করা, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করা এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় উভয় দেশ একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট।

একই সাথে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে। পৃথক এক বিবৃতিতে লি বলেন, দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এবং উন্নয়নে পারস্পরিক সহযোগিতাকে আরও উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত চীন। এতে দুই দেশের জনগণ আরও অধিক লাভবান হবে বলে আশাবাদী চীনা প্রধানমন্ত্রী।

বিষয়:অভিনন্দন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিজয়ী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…