সিঙ্গাপুরে নিজের ছবির প্রিমিয়ারে থাকছেন না চীনা নির্মাতা!

সিঙ্গাপুরে একটি ছবি যেখানে একজন নারী চীনা নির্মাতার জন্য প্রস্তুত হচ্ছেন, অন্যরা দর্শক হিসেবে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
চীনা কর্তৃপক্ষ নির্মাতা গুও ঝেনমিংকে তার ছবি ‘টেডিয়াস ডেইস অ্যান্ড নাইটস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য সিংগাপুর সফরের অনুমতি দেয়নি। এতে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ছবির প্রিমিয়ারে থাকতে পারছেন না নির্মাতা।
৪ ডিসেম্বর ‘টেডিয়াস ডেইস অ্যান্ড নাইটস’-এর প্রিমিয়ার। উৎসব কর্তৃপক্ষ বিষয়টি ঘোষণা দিয়ে ফেলেছে আগেই। শুধু তাই নয়, তারা জানিয়েছে সিনেমা দেখার পর নির্মাতার সাথে প্রশ্নোত্তর পর্বও থাকছে। কিন্তু নির্মাতা সিঙ্গাপুর যাওয়ার অনুমতি না পাওয়ায় এসব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে।
সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকরা ভ্যারাইটিকে জানিয়েছে, তারা প্রিমিয়ারের শো-এর পরে একটি সংবাদ সম্মেলনের পরিকল্পনা করছে। তবে সেটা নির্মাতার অনুপস্থিতিতেই করা হবে।
নির্মাতা গুওকে গত বছরের ডিসেম্বরে ১৫ দিনের জন্য আটক করা হয়েছিল। তার পাসপোর্ট মে মাসে ইউনান প্রদেশের কর্তৃপক্ষ ধ্বংস করে দিয়েছিল। গুও রেডিও ফ্রি এশিয়াকে বলেছেন লিজিয়াং, ইউনানে তার উপর নিষেধাজ্ঞার কারণে তার নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতার এক কাছের বন্ধু।
গুওর সিনেমায় তুলে ধরা হয় চীনা সমাজের জরাজীর্ণ দিকগুলি। ‘টেডিয়াস ডেইস অ্যান্ড নাইটস’-এ দেখানো হয়েছে কীভাবে দেশের অর্থনৈতিক উত্থান কিছু লোককে পিছনে ফেলেছে সেসব বিষয়। ছবিতে ১৯৮৯ সালের তিয়ানানমেন স্কয়ার গণহত্যার বিষয়টিও তুলে ধরা হয়েছে, যা চীনের অন্যতম নিষিদ্ধ বিষয়।
সূত্র: ভ্যারাইটি






