বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন চীন থেকে আসা চিকিৎসকরা। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালসহ রাজধানীর কয়েকটি হাসপাতালে আহতদের নিয়ে কাজ করছেন তারা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রথম দিন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে রোগীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। এছাড়া পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেলসহ রাজধানীর আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীনদের তারা সেবা দেবেন বলে জানা গেছে।
রোগীদের প্রয়োজন বিবেচনায় ঢাকায় থাকবেন চিকিৎসক দল।
জানা যায়, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অন্য রোগীদের পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও।
আজ সকাল থেকে আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগে চীন থেকে আসা ১০ সদস্যের চিকিৎসক দল। রোগীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা।
এসময় কর্তৃপক্ষ জানান, আহতদের চিকিৎসার ব্যাপারে অন্যান্য দেশের সাথেও যোগাযোগ করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনে রোগীদের চীনে নিয়েও সেবা দেয়ার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট পরিচালক বলেন, আন্দোলনে আহত মোট এক হাজার ১৯ রোগী এ পর্যন্ত চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।







