বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে চীন। স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রদানের শর্ত সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ভিসা আবেদন সহজ করতে নোটিশ জারির দিন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চীনে ১৮০ দিনের বেশি নয় এমন সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ থেকে অব্যাহতি দেওয়া হবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদনকারীদের সুবিধা এবং প্রক্রিয়া দ্রুততর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পর্যটন, ব্যবসা, স্বল্পমেয়াদি সফরসহ বিভিন্ন উদ্দেশ্যে চীনে যেতে আগ্রহী বাংলাদেশিরা সহজেই ভিসার আবেদন করতে পারবেন।
তবে প্রাসঙ্গিক চীনা অভিবাসন বিধিমালা অনুযায়ী কিছু ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে এই অব্যাহতি প্রযোজ্য হবে না। ডি, জে-১, কিউ-১, এস-১, এক্স-১ এবং জেড ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট প্রদান বাধ্যতামূলক থাকবে। এসব ভিসার আওতায় চীনে প্রবেশের পর আবেদনকারীদের রেসিডেন্স পারমিট গ্রহণ করতে হয়।
চীনা দূতাবাস জানিয়েছে, ভিসা সংক্রান্ত অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে এবং আবেদনকারীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন জমা দিতে হবে।








