অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু তাওহীদ’র জন্য সহায়তা চেয়েছে পরিবার

শিশু তাওহীদকে নিয়ে পরিবারের সদস্যরা সহায়তার জন্য অপেক্ষা করছে, ছবি বোঝায় অসুস্থ শিশুর জন্য সহায়তা প্রয়োজন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে দিনাজপুরের হিলি সীমান্তবর্তী এলাকার অবুঝ শিশু তাওহীদ ইসলাম। অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় মায়ের কোলেই কাটছে তার শৈশব। সন্তানকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছে পরিবার।
জানা যায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তবর্তী মাঠপাড়া এলাকার ইমরান আলী ও দুলারি রানীর সংসারে একমাত্র সন্তান তাওহীদ ইসলাম। সংসার তাদের ভালোই চলছিল। একমাত্র সন্তান তাওহীদ অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ায় হঠাৎ তাদের পরিবারে নেমে আসে দুঃখের ছায়া। ৭ বছর বয়সী তাওহীদের হাঁটাচলা ও কথা বলার ইচ্ছে থাকলেও তা কেড়ে নিয়েছে অজানা রোগ। মায়ের কোলেই কাটছে তার সময়।
দুলারি রানী বলেন, নিজের শেষ সম্পদটুকু বিক্রি করেও মিলেনি একমাত্র সন্তানের সুস্থ্যতা। তাই সন্তানকে বাঁচাতে প্রতিনিয়ত আহাজারি করছেন তিনি।
তাওহীদকে বাঁচাতে প্রচুর অর্থ প্রয়োজন। তাই সহযোগিতা চেয়েছেন বিত্তশালীদের কাছে। তাদের সহায়তা পেলে তাওহীদ সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ্য হয়ে উঠবে। স্কুলে যাবে, খেলা করবে তার সমবয়সী সহপাঠীদের সঙ্গে-এমটাই প্রত্যাশা তার পরিবারের।
তাওহীদকে সহযোগিতার ঠিকানা: হিলি, হাকিমপুর, দিনাজপুর।
বাবা, ইমরান আলী – ০১৭৯১৯৪১১০৯ (বিকাশ ও নগদ)





