প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ থেকে ৩১ মে সরকারি সফরে জাপান যাবেন। এই সময় বাংলাদেশ জাপানের কাছে সহজ শর্তে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চাইতে পারে।
আজ (২৭ মে) মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা ২৭ মে ঢাকা ত্যাগ করবেন। চার দিনের সফরে তিনি ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। টোকিও’তে পৌঁছার পর প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনাসহ গার্ড অব অনার প্রদান করা হবে।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী বলেছেন, সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাজেট সহায়তা অর্জন। আলোচনার লক্ষ্য হবে ব্যাপকভিত্তিক কৌশলগত সহযোগিতা জোরদার করা।
তিনি জানিয়েছেন, দ্বিপক্ষীয় বৈঠকের পর সহজ শর্তে ঋণের ঘোষণা আসতে পারে। এরপর নোট বিনিময় সম্পন্ন হবে। সফরকালে জ্বালানি সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রফতানি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ সাতটি সমঝোতা স্মারক সই হবে।
প্রফেসর ইউনূস ২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ৩০তম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।










