অনার্সের সার্টিফিকেট নিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজের শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আটক হয়েছেন পুলিশের হাতে। প্রথমে তাকে কলেজের ভেতরে আটকে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানায়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেত্রী বৈশাখী ইডেন কলেজে যান তার অনার্সের সার্টিফিকেট তুলতে। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনু বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী বৈশাখী আজ দুপুরে কলেজে যান অনার্সের সার্টিফিকেট তুলতে। মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য সার্টিফিকেট নিতে এসেছিলেন। এ সময় কলেজের সমন্বয়কসহ অন্যান্য শিক্ষার্থীরা তাকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়।
“পরে আমরা গিয়ে তাকে নিয়ে এসেছি। তবে তাকে মারধর করা হয়নি, শিক্ষার্থীরা আমাদেরকে সহায়তা করেছে।”
বৈশাখীর নামে তার থানায় কোনো মামলা নেই জানিয়ে ওসি বলেন, “অন্যান্য থানায় মামলা রয়েছে কি না এই মুহূর্তে বলতে পারছি না। এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”
জানা গেছে, সামিয়া আক্তার বৈশাখীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার আহুতিয়ায়। তার বাবার নাম মাহাবুব মিয়া এবং মায়ের নাম শামচুন্নাহার বেগম।
আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে গত ২৩ অক্টোবর রাতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়।








