বিভিন্ন আর্থিক ও নিবন্ধনসংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৬ কোটি টাকা) জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পাশাপাশি ক্লাবটির ওপর দুই ট্রান্সফার উইন্ডোর জন্য খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দেয়া হলেও, সেটি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
এফএ জানিয়েছে, স্বাধীন কমিশনের তদন্তে চেলসির বিরুদ্ধে আনা ৭৪টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অনিয়মের বেশির ভাগই ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে, সাবেক মালিক রোমান আব্রামোভিচের আমলে সংঘটিত হয়।
২০২২ সালে নতুন মালিকানা দায়িত্ব নেয়ার পর অতীতের অনিয়ম স্বেচ্ছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায় চেলসি। ক্লাবটি জানিয়েছে, তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং বিষয়টির বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় তারা সন্তুষ্ট।







