সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় দেশ হল নিউজিল্যান্ড। চমক রেখে দল দিয়েছে কিউইরা। মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে তারা। প্রথমবার বড় কোনো টুর্নামেন্টে নেতৃত্ব দিতে চলেছেন স্যান্টনার।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দেশটির তিন ভেন্যু এবং দুবাইয়ে (ভারতের ম্যাচ) হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। আইসিসিকে প্রতিযোগী দলগুলোর স্কোয়াড জমা দেয়ার শেষদিন নির্ধারিত আছে রোববার।
অধিনায়ক স্যান্টনারের কণ্ঠেই ঘোষণা করা হয় কিউইদের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। পাশাপাশি দলে থাকা ক্রিকেটারদের নামে বিশেষণ কিংবা কারও কারও বিশেষ দক্ষতা উল্লেখ করেন কিউই তারকা।
দলে রাখা হয়েছে দুই বিশেষজ্ঞ পেসার বেন সিয়ার্স ও উইল ও’রোককে। অলরাউন্ডার নাথান স্মিথ আছেন। সিয়ার্স গত টি-টুয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ ছিলেন। চোটে গত এপ্রিলের পর মাঠে ফিরেছেন ৯ জানুয়ারি, সুপার স্ম্যাশ টুর্নামেন্টে। এখনো ওয়ানডে অভিষেকই হয়নি তার। তবে ছন্দে আছেন ও’রোক। ১০ টেস্টে উইকেট ৩৬টি, ওয়ানডে ৬ ম্যাচে ৮ উইকেট।
নিউজিল্যান্ডের হয়ে বৈশ্বিক ইভেন্টে স্যান্টনার প্রথমবার নেতৃত্ব দিলেও সঙ্গে পাচ্ছেন দুই অভিজ্ঞ কেন উইলিয়ামসন ও টম ল্যাথামকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একই দল নিয়ে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে কিউইবাহিনী। অন্য দলটি সাউথ আফ্রিকা।
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।










