বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। বড় হারের ফলে সেমির স্বপ্ন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে জার্মান জায়ান্টদের। এমন বাস্তবতায় শেষ চারে খেলতে হলে ‘অলৌকিক’ কিছুই করতে হবে বলেছেন দলের নতুন কোচ থমাস টুখেল।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বুধবার বায়ার্নের মুখোমুখি হবে ম্যানসিটি। বাভারিয়ানদের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দুদলের মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ টুখেল বলেন, ‘আমাদের অলৌকিক কিছু দরকার। ফিরতি লেগে ভালো কিছু করতে পারলে আসলে অলৌকিক ঘটনাই ঘটবে।’
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সবশেষ দুই সাক্ষাতেই হেরেছে বায়ার্ন। এরপর ইতিহাদে ৩-০ গোলে হারের পর এবার তাদের টপকে ফাইনালে যেতে হলে চার গোলের ব্যবধানে জিততে হবে বাভারিয়ানদের।
৪৯ বর্ষী জার্মান কোচ টুখেল বলেন, ‘জয় পাওয়াটা অনেক কঠিন। বিষয়টি এখন বড় পর্বত আরোহণ করার মতো হয়ে দাঁড়িয়েছে। বাস্তবতা মেনে নিতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে এখন নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। যদি আমরা জয় নাও পাই, আমাদের পিছিয়ে পড়লে চলবে না।’
সিটির বিপক্ষে প্রথম লেগে হারের পর বায়ার্নের ড্রেসিং রুমে হাতাহাতিতে জড়িয়েছিলেন লেরয় সানে ও সাদিও মানে। ওই ঘটনার পর শাস্তিস্বরূপ শুক্রবার হফেনহেইমের বিপক্ষে বুন্দেস লিগা ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেয়া হয় মানেকে। তবে সিটির বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে দলে ফিরবেন ৩১ বর্ষী এই ফরোয়ার্ড।
‘এখন যা কিছু করার নিজের পারফরম্যান্স দিয়ে করতে হবে। জয়ের জন্য দলীয়ভাবে মানসিক শক্তিই হবে বড় পুঁজি। এটি আমাদের ঘরের মাঠ, এখানে আমরা নানা ভাবে এগিয়ে থাকলেও নিজেদেরকে নিংড়ে দিতে হবে।’
‘আপনি যদি বিশাল পাহাড়ের চূড়ার দিকে তাকান, তাহলে দেখবেন এটি অতিক্রম করতে ধাপে ধাপে এগোতে হয়। এখনকার চ্যালেঞ্জটি যথেষ্ট কঠিন। তবে এই কঠিনের আকার দেখে এটিকে আরও বড় করতে চাই না। আমরা যাত্রা শুরু করব এবং সব ধরনের পথে যেতে প্রস্তুত থাকব।’







