অনাবিল আনন্দে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর

দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আত্মশুদ্ধির পর শনিবার (২২ এপ্রিল) সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চিরচেনা সেই ঈদ উল ফিতরের রঙিন উৎসবে মেতে উঠেছে সারাদেশ।
শনিবার সকালে রাজধানীসহ সারাদেশে ঈদের নামাজের পর নানা আয়োজনে দিনব্যাপী ঈদের আনন্দ করবেন সর্বস্তরের মানুষ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ জাতীয় ঈদগাহে এবার ঈদের নামাজ পড়বেন। জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নিবেন।
শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে এবার দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকায় ঈদের প্রথম জামাত সকাল ৭ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর সেখানে পর্যায়ক্রমে ৮টা ও ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ১০টায় আরেকটি জামাতের পর বেলা পৌনে ১১টায় সেখানে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।
আর রাজধানীর সবশেষ ঈদ জামাত বেলা ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে তেজগাঁতে অবস্থিত চ্যানেল আই মসজিদে। এছাড়াও সকাল থেকে রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।
ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পাচ্ছেন ৫ দিন ছুটি। বুধবার (১৯ এপ্রিল) শবে কদর উপলক্ষে ছুটি, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারের নির্বাহী আদেশ অনুসারে একদিন ছুটি এরপর শুক্রবার থেকে রবিবার (২১ থেকে ২৩ এপ্রিল) তিন দিন ঈদ উপলক্ষে ছুটি থাকবে।
সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোষ্টে প্রদর্শন করা হচ্ছে। ঈদ উল ফিতরে সরকারি ভবনসমূহসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে।
সারাদেশে বিভাগ, জেলা-উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বেসরকারি সংস্থাসমূহের প্রধানগণ জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ঈদ উল ফিতর উদযাপন করছে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ যথাযথ গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুঃস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন যথাযথভাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। এ উপলক্ষে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনাটিকেটে যাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থান প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




