মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে এবং তেহরানের সঙ্গে নতুন করে আলোচনায় তার আগ্রহ নেই।
বিবিসি জানিয়েছে, তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয়, এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা মিথ্যাবাদী। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।
ইরানের শাসনব্যবস্থার কড়া সমালোচনা করে ট্রাম্প দেশটির নেতৃত্বকে অশুভ ও উন্মাদ বলে অভিহিত করেন। তিনি বলেন, এরা দুষ্ট ও অসুস্থ মানুষ। ক্যান্সারের মতো, আর ক্যান্সারকে শুরুতেই ছেঁটে ফেলতে হয়।
নিজের আলোচক দলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তারা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে তার মতে, এই প্রক্রিয়ায় সময় নষ্ট হচ্ছে। সত্যি বলতে, আমি তাদের পেছনে আর সময় নষ্ট করতে চাই না।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।








