বল দখলের লড়াই, পাশাপাশি আক্রমণেও শুরু থেকে আধিপত্য দেখিয়েছে লিভারপুল। প্রথমার্ধে তাদের আটকে রাখতে পারলেও বিরতির পর পারেনি রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্নে স্লটের দল। প্রতিপক্ষ কোচ কার্লো আনচেলত্তিও অলরেডদের ভাসিয়েছেন প্রশংসায়।
অ্যানফিল্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুল এগিয়ে যায় অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের গোলে। পরে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন বদলি নামা কোডি গ্যাকপো।
চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রাউন্ডে লিভারপুলের কাছে হার প্রসঙ্গে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘ফলাফল ঠিকঠাকই ছিল। লিভারপুল জয়ের যোগ্য কারণ তাদের গতি ভালো, এই মুহূর্তে দলটি দারুণ ছন্দে আছে। দারুণভাবে ম্যাচের গভীরে ঢুকতে পারছে। আমরা প্রথমার্ধে নিজেদের ধরে রেখেছিলাম, বল বেশ ভালোই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু চূড়ান্ত পাসে কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং পেনাল্টি পর্যন্ত লড়াই করেছি। আমি সন্তুষ্ট যে দল ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে।’
‘এভাবেই দলকে চালিয়ে যেতে হবে, সামনে অগ্রসর হতে হবে। আমাদের জন্য বিষয়গুলো এখন আবারও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। এখন আমাদের ত্যাগ স্বীকারের সময় এসে গেছে। উন্নতি করার অনেক জায়গা আছে। তবে খেলার ধরণ বা পদ্ধতি নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আশা ছিল ভালোভাবে ডিফেন্স করে বল নিয়ে পেছন থেকে বেরিয়ে আসা। চার-পাঁচটি ট্রানজিশনে আমাদের দারুণ ছিল।’
পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে ১৫ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান। এক পয়েন্টে পিছিয়ে তিনে বার্সেলোনা। লিভারপুলের কাছে হেরে ২৪ নম্বরে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।







