লালন সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “ফরিদা পারভীন উপমহাদেশের অন্যতম সংগীতশিল্পী। বিশেষ করে লালন সংগীতে তিনি অদ্বিতীয়। বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়। তিনি দীর্ঘ সময় ধরে সংগীতজগতে একচ্ছত্র প্রভাব রেখেছেন।”
তার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপি মহাসচিব জানান, ফরিদা পারভীনের কিডনিসহ একাধিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এবং তিনি বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছেন। “চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন,” বলেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “এমন গুণী ও আন্তর্জাতিকভাবে সমাদৃত শিল্পীর চিকিৎসায় সরকারিভাবে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা উচিত। প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এটা শুধু ফরিদা পারভীনের জন্য নয়, পুরো জাতির প্রত্যাশা।”







