ঘূর্ণিঝড় ‘হিলারি’র আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটিতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় ডুবে গেছে কয়েকটি লোকালয়।
বিবিসি জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোর দিকে ঘূর্ণিঝড়টি সরে গেছে। যার বাতাসের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ১১৯ কিলোমিটার।
আকস্মিক বন্যায় স্রোতে গাড়ি ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। পরে উদ্ধার করা হয় তার স্ত্রী ও সন্তানদের।
৮৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী মৌসুমী ঝড়টি যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দু’দেশের জন্যেই প্রাণঘাতী হতে পারে, এমন সতর্কতা জারি করা হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই কোটি ৬০ লাখ বাসিন্দা রয়েছেন ঝড়ের গতিপথে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হবে হিলারি।








