গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা

পুলিশ সদস্যরা গৌরনদী পৌরসভার উপনির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য মাঠে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সমর্থকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচন।
বুধবার (২৬ জুন) নির্বাচনের শুরুতেই দক্ষিণ পালরদী মৎস্যবীজ উপাদান খামার ভোট কেন্দ্রের সামনে নারকেল গাছ প্রতীক ও মোবাইল ফোন মার্কার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বাকবিতণ্ডা শুরু হয়। এসময় সাবেক দুই কাউন্সিলরসহ দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
এছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্টদের ও ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া ভোটগ্রহণ শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে শুরু থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল।
উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদটি শূন্য হয়ে যায়।
এ পৌরসভার ১৪টি কেন্দ্রে ৩৭ হাজার ২৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে কেন্দ্র ও আশপাশ এলাকায় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সবর উপস্থিতি দেখা গেছে।






