বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন

দুই যুবক, একজনের মাথায় টুপি, অন্যজন খোলা আকাশের নিচে, বিভিন্ন পরিবেশে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের সাথে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি’র সমন্বয়ক) আবু সাঈদের প্রথম জানাজা আজ বুধবার ১৭ জুলাই সকাল ৯ টা ১৪ মিনিটে পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন আবু সাঈদের ভাতিজা সিয়াম মিয়া। দ্বিতীয় জানাযা একই মাঠে সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় সাঈদের পরিবারের সদস্য আত্মীয় স্বজন, বন্ধুসহ অনেকে অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. শফিক আশরাফ অংশ নেন। এরপর গ্রামের বাড়ি বাবনপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। আবু সাইদ পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে।
জানা গেছে, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে। এ সংঘর্ষে তিনি নিহত হন।






