প্রায় একবছর পর মাঠে ফিরেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন জাসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ওভারে দুই উইকেট নিয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন তারকা পেসার। পরে অল্প রানে আইরিশদের আটকে দিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে জয় তুলেছে ভারত।
ডাবলিনে শুক্রবার রাতে আয়ারল্যান্ডের দেয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২ রানের জয় পায় ভারত। টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পান বুমরাহ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ভারত ৬ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। পরে না থামলে বৃষ্টি আইনে ২ রানের জয় পায় ভারত। ঋতুরাজ গায়কোয়াড় ১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
গতবছর সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন বুমরাহ। পিঠে অস্ত্রোপচার করানোর জন্য টি-টুয়েন্টি বিশ্বকাপেও ছিলেন দলের বাইরে। সেরে ওঠার পথে শেষ দুমাস বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কাটিয়েছেন। বল হাতে অধিনায়ক হিসেবে দলে ফিরে প্রথম ম্যাচে সফলও হলেন ২৯ বর্ষী বুমরাহ।







