সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার বিওএ ভবনে প্রথম সভা করেছেন নতুন সভাপতি। সভায় মেয়েদের সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’
এর আগেও ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী সাফ চ্যাম্পিয়ন নারী দলকে আর্থিক পুরস্কার দিয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে পেয়েছেন আরেকটি সংবর্ধনা ও অর্থ পুরস্কার । এছাড়া বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।








