বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। বর্ষসেরার দৌড়ে ইংল্যান্ডের নারী ফুটবল দলের গোলরক্ষক মেরি ইয়ার্পসসহ আরও চারজন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে প্রতিযোগিতা করবেন গত জুলাইয়ে ক্রিকেটকে বিদায় বলা ব্রড।
মঙ্গলবার বর্ষসেরা ব্যক্তিত্বের দৌড়ে মনোনয়ন পাওয়া ছয়জনের নাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তালিকায় ব্রড ও মেরিসহ জায়গা পেয়েছেন ফ্রাঙ্কি ডেটোরি (ঘোড়া দৌড়), আলফি হেওয়েট (টেনিস), ক্যাটারিনা জনসন-থম্পসন (অ্যাথলেটিক্স) ও ররি ম্যাকরয় (গলফ)।
আগামী ১৯ ডিসেম্বর রাতে বিবিসির একটি লাইভ অনুষ্ঠানে ভক্তরা তাদের ভোট দিতে পারবেন। এরপর জুরি বোর্ডের সিদ্ধান্তক্রমে বর্ষসেরার পুরস্কারটি তুলে দেয়া হবে বিজয়ীর হাতে। পাশাপাশি আরও কয়েকটি বিভাগে পুরস্কার দেবে সংবাদমাধ্যমটি। সেগুলো হল- বর্ষসেরা বিশ্ব ক্রীড়া তারকা, হেলেন রোলাসন অ্যাওয়ার্ড, বর্ষসেরা তরুণ ক্রীড়া ব্যক্তিত্ব, আনসাং হিরো, বর্ষসেরা কোচ, বর্ষসেরা দল ও আজীবন সম্মাননা।

গত জুলাইয়ে অ্যাশেজ সিরিজ চলাকালেই ক্রিকেটকে বিদায়ের বার্তা দিয়েছিলেন তিনি। ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের নায়ক বনেই ক্রিকেটকে বিদায় বলেছেন ব্রড। অস্ট্রেলিয়ার শেষ দুই উইকেট তুলে নিয়ে ওভাল টেস্টকে করেছেন স্মরণীয়। অজিদের ৪৯ রানে হারিয়ে ২-২ ব্যবধানে সমতা টেনে অ্যাশেজ সিরিজ শেষ করে ইংল্যান্ড। ইংল্যান্ডের জার্সিতে ১৬৭ টেস্টের পাশাপাশি ১২১ ওয়ানডে ও ৫৬টি টি-টুয়েন্টি খেলেছেন ব্রড। তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার ৮৪৭ উইকেট।








