কোপা আমেরিকার এবারের স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচে নেমেছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি। ডোরিভাল জুনিয়রের শিষ্যরা ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় ধরে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের। ২১টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, যুক্তরাষ্ট্র ১২টি শটের ভেতর ৭টি লক্ষ্যে রাখে।
খেলার ১৭ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে সেলেসাওদের এগিয়ে দেন রদ্রিগো। নয় মিনিট পর ডানপায়ের ফ্রি-কিকে বল জালে জড়িয়ে মার্কিনীদের সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিচ।
আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে ব্রাজিল।








