ফুটবল

কোপার আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের ফুটবল দল মাঠে প্রবেশ করছে, খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল দল মাঠে প্রবেশ করছে, খেলোয়াড়রা প্রস্তুত, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে গড়াতে চলেছে কোপা আমেরিকা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর শুরুর মাসখানেক আগে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। চোখের চোটে পড়েছেন দলটির গোলরক্ষক এডেরসন।

চোখের চোটে মৌসুমের শেষ দুটি ম্যাচে ম্যানচেস্টার সিটির গোলবারের পাহারায় থাকছেন না সেলেসাও গোলরক্ষক। কোপা শুরু হতে এখনও মাসখানেক বাকি থাকায় আসরের আগেই চোট কাটিয়ে উঠবেন বলে আশা করছে ব্রাজিল। শঙ্কা না থাকলেও এডেরসনের চোট ব্রাজিলের জন্য দুর্ভাবনার বটে।

গত মঙ্গলবার প্রিমিয়ার লিগের লড়াইয়ে টটেনহাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ৬২ মিনিটে প্রতিপক্ষের ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষে মুখে ও চোখে আঘাত পান এডেরসন। লম্বা সময় ধরে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পরই তাকে তুলে নেন কোচ পেপ গার্দিওলা।

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে চোটের বিষয়টি জানিয়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটি বলেছে, ‘স্ক্যানের পর এডেরসনের ডান চোখের সকেটে একটি ছোট ফাটল ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না।’

এডেরসনের চোটে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ধাক্কা খেয়েছে সিটিও। রোববার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। ম্যাচটি জিতলে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা হবে তাদের। সেটি করতে না পারলে ট্রফিও হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ শিরোপার লড়াইয়ে এখনও টিকে আছে আর্সেনাল। ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি।

আরেক ম্যাচে ২৫মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

বিষয়:এডেরসন কোপা ব্রাজিল ম্যানচেস্টার সিটি ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…