বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২৪-২৫ মৌসুম শুরু হওয়ার সূচি ছিল অক্টোবরের ১১ তারিখে। পূর্ব নির্ধারিত সময়ে পেশাদার লিগটি গড়াচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন।
পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, ‘মঙ্গলবার বাফুফের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসন্ন মৌসুমের জন্য আমরা যে ভেন্যুগুলো মনোনীত করেছিলাম, সেগুলো বেশ কিছু এখনও প্রস্তুত হয়নি।’
‘যেহেতু ভেন্যুগুলো প্রস্তুত নয়, তাই ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে যেহেতু মাঠগুলো খেলার উপযোগী হয়নি এবং সামগ্রিক প্রেক্ষাপটে ১১ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের শেষদিকে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।’
ইমরুল হাসান রানার আশাবাদ, ‘আমরা এই সময়ের মধ্যে আশা করছি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাঠ প্রস্তুত করতে পারব।’








