কিশোরগঞ্জ

নৌকা থেকে পড়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

স্মিত হাসি সহ যুবক, লাল পোশাক পরিহিত, প্রকৃতির মাঝে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল যুবক, লাল পোশাক পরিহিত, শান্ত পরিবেশে ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর অন্তর চক্রবর্তী (৩২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবির দল। রোববার (১৩ আগষ্ট) সকাল ৯টার দিকে নবনির্মিত আব্দুল হামিদ সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাটপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি ঢাকার মহাখালীর একটি প্রাইভেট কোম্পানির হিসাবরক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি। তিনি বর্তমানে যুব ইউনিয়ন জাতীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক।

ঘুরতে যাওয়া অন্তর চক্রবর্তীর সহকর্মী সুব্রত কুমার দে জানান, শুক্রবার (১১ আগস্ট) ছুটির দিনে সকালে ঢাকা থেকে ১০ জনের একটি দল কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসেন। এসময় নিকলী থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে মিঠামইন অলওয়েদার সড়কে যাওয়ার পথে মিঠামইনে নবনির্মিত সেনানিবাস এলাকা পার হওয়ার সময় পশ্চিম প্রান্তে ঘোড়াউত্রা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের সময় নৌকার গলুইয়ে বসে অন্তর বোতল দিয়ে ঘোড়াউত্রা নদী থেকে পানি নিয়ে গোসল করতে ছিলেন। এসময় তাকে বাঁচানোর জন্য সহকর্মীরা চেষ্টা করেন। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় আমাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল অন্তর চক্রবর্তীকে উদ্ধার অভিযান চালায়। রোববার সকাল ৯টার দিকে অন্তর চক্রবর্তীর মরদেহ ঘটনাস্থল থেকে একটু দূরে ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…