কিংবদন্তী অভিনেত্রী ববিতা সম্প্রতি তার জন্মভিটা যশোরের বিজয়নগরে গিয়েছিলেন। সেখানে তিনি একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে জানালেন।
ববিতা জানিয়েছেন, যশোরের বিজয়নগরে পারিবারিক এলাকায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সেখানে তার দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে চূড়ান্ত করেছেন বলেও জানান এই গুণী অভিনেত্রী।
ববিতা বলেন, এবার দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে চূড়ান্ত করে এসেছি। মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই। চার-পাঁচ বছর ধরে এই স্বপ্নটা দেখছি। সত্যি বলতে, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলোর একটি। এই স্বপ্ন বা ইচ্ছে পূরণ করতে পারলেই আমি সবচেয়ে বেশি খুশি হব।
তিনি আরও জানান, বহুদিন ধরেই নিজের গ্রামের মানুষের জন্য একটি স্থায়ী ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা লালন করে আসছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ববিতা বলেন, একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব শিগগিরই মসজিদের নকশা করব। তারপর ধীরে ধীরে কাজ শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন।
জীবনের এই সময়ে এসে নিজের সবচেয়ে বড় চাওয়ার মসজিদ নির্মাণ উল্লেখ করে ববিতা বলেন, এখন আমার একটাই স্বপ্ন মসজিদটা করে যেতে চাই। নিজেকে ভালো কাজের সঙ্গে রাখতে চাই। আল্লাহ যেন আমাকে এই স্বপ্ন পূরণের তৌফিক দেন।

