রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ৫ নভেম্বর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি সেখানে বোনের বাসায় অবস্থান করছিলেন।
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন কাকরাইলে সংঘর্ষ শুরু হলে তা অন্য এলাকায়ও ছড়ায়। সে সময় রাজারবাগে পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ক্যান্টিন ভাংচুর ও পুলিশের পিস্তল ছিনতাইয়ের অভিযোগে পল্টন থানায় এই মামলা করে পুলিশ।








