বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ সংঘর্ষ: বেড়া থানার ওসি প্রত্যাহার

সংগৃহীত
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাতে জেলা পুলিশের এক আদেশে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পাবনা সদরের পরিদর্শক গোলাম মোস্তফাকে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রশাসনিক কারণে ওসি নয়ন কুমারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এদিকে কয়েক দিনের সহিংসতা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় বেড়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিন দুপুর থেকে পৌর শহরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় শুরু হওয়া এ সংঘাত বিকাল পর্যন্ত থেমে থেমে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।



