সাগর-রুনি পুত্র মেঘের ডিজাইন করা জার্সিতে খেলবেন সাংবাদিকরা
টেলিভিশন সংবাদকর্মীদের ২৫ দল নিয়ে গড়াচ্ছে বিজেসি ফুটবল টুর্নামেন্ট

সাংবাদিকরা নতুন জার্সি পরে দাঁড়িয়ে আছেন, অনুষ্ঠানে বিভিন্ন দিক থেকে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সম্প্রচার সাংবাদিকদের নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি। সংগঠনটির সদস্য সংবাদকর্মীদের নিয়ে প্রথমবার শুরু হচ্ছে ‘বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। ২৫ দলের অংশগ্রহণে হবে আসর। অংশ নেবেন ২৫ টেলিভিশনের আড়াই’শ সংবাদকর্মী।
রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে সোমবার টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পর্দা উঠবে টুর্নামেন্টের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির নির্বাহী (ক্রীড়া) তারিকুল ইসলাম মাসুম। প্রধান অতিথি ছিলেন বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ। বিজেসির যুগ্ম নির্বাহী (ক্রীড়া) মাহবুব জুয়েল, বিজেসির ট্রাস্টি হারুন অর রশীদ, নির্বাহী ইলিয়াস হোসেন, পরভেজ রেজা ছিলেন লোগো উন্মোচন অনুষ্ঠানে।
বিভিন্ন টেলিভিশন স্টেশন থেকে ২৪টি দল গঠন করা হলেও একটি দল গঠন করা হয়েছে তাদের নিয়ে যারা বিজেসি সদস্য কিন্তু বর্তমানে কোনো টেলিভিশনে কর্মরত নেই। প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মাহির সারওয়ার মেঘের ডিজাইনে তৈরি করা জার্সিতে এবার মাঠে নামবেন খেলোয়াড়দের সকলে।
৬ সদস্যের প্রতিটি দল মোট আট গ্রুপে ভাগ হয়ে নকআউট পদ্ধতিতে লড়াই করবে। ২০ মিনিটের প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি। চারদিনের টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ জুলাই।





