কুয়েত প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ কমিয়েছে ‘বিমান বাংলাদেশ’

বাংলাদেশের জাতীয় পতাকা ও লোগো সহ বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান রানওয়ে থেকে উড্ডয়ন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোশাররফ হোসেন: কুয়েত থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে টিকেটের খরচ কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি মাসের ৬ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কুয়েতে নিযুক্ত বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানাজার আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুয়েত থেকে একজন প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠাতে আগে টিকেটের মূল্য ছিল ২৫৫ দিনার (প্রায় ৯২ হাজার টাকা) যা বর্তমানে কমিয়ে ১৭৫ দিনার (প্রায় ৬৩ হাজার টাকা) করা হয়েছে। একই সাথে কুয়েত থেকে চট্টগ্রামে ও সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠাতে টিকেটের মূল্য ছিল ২৭৫ দিনার (প্রায় ৯৮ হাজার টাকা) যা বর্তমানে কমিয়ে ১৯০ দিনার (প্রায় ৬৮ হাজার টাকা) করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, গত ২০১৬-১৭ অর্থবছরে সংস্থাটি বিনা ভাড়ায় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে ৮৬১ জন প্রবাসীর লাশ দেশে পাঠিয়ে স্বজনদের বুঝিয়ে দেয়। ওই বছর কুয়েত থেকে ৯১ জন প্রবাসীর মরদেহ দেশে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।






