বাবা হলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চক্রবর্তী। রবিবার (১ জুন) কলকাতার বেসরকারি একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরমের স্ত্রী পিয়া চক্রবর্তী।
চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসের আগে বাবা-মা হতে যাওয়ার খবর জানান পরমব্রত-পিয়া। জুন মাসের শুরুতে সন্তানের মুখ দেখার সম্ভাব্য তারিখও জানিয়েছিলেন এই দম্পতি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ঘর আলো করে এলো তাদের সন্তান।
পরমব্রতর বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মীদের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। তার একদিন পর সোমবার সকালে একটি ফটোকার্ড শেয়ার করে পরম জানিয়েছেন বাবা হওয়ার খবর।
ফেসবুকে পরম ও পিয়া লিখেছেন,“আমরা যখন পৃথিবীতে আমাদের প্রথম সন্তানের আগমনে স্বাগত জানাচ্ছি, তখন আপনাদের সকলের শুভকামনা ও প্রার্থনার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাই!”
পরমব্রতর স্ত্রী পিয়া সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। বছর কয়েক আগে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই সংগীতশিল্পী। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে সম্পর্কের কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। ২০২১ সালের ২৭ নভেম্বর পিয়ার গলায় মালা পরিয়ে সেই গুঞ্জনই বাস্তবে রূপ দেন।







