আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক কাতারে ফেলে তাদের জিততে দেবেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি জানিয়েছে, আজ ২০ অক্টোবর বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় এবং যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ভাষণে বাইডেন বলেন, হামাস এবং পুতিন যে যার জায়গা থেকে হুমকির প্রতিনিধিত্ব করে। তাদের লক্ষ্য এক এবং তারা উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করতে চায়। ইউক্রেনের প্রকৃত রাষ্ট্র হিসেবে টিকে থাকার অধিকারকে অস্বীকার করেছেন পুতিন।
তিনি বলেন, কেন এই সংঘাত যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন জানতে চাওয়াটা স্বাভাবিক। আসলে ইসরায়েল এবং ইউক্রেনের সফলতা নিশ্চিত করাটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা পুতিনের ক্ষুধা বন্ধ না করলে তিনি নিজেকে আর ইউক্রেনের ভেতর সীমাবদ্ধ রাখবেন না।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আমরা ইতিহাসের একটি পরিবর্তনের মুখোমুখি হয়েছি। আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তা আগামী কয়েক দশকের ভবিষ্যতকে গঠন করতে চলেছে। বিশ্বের মহান জাতিগুলো ঠিক এটাই করে এবং আমরা একটি মহান জাতি।








