ক্রিকেট

১৩৬ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের অধিনায়ক বেথেল

ইংল্যান্ডের অধিনায়ক বেথেলের ছবি, ক্যাপশন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ক্রিকেট অধিনায়ক বেথেলের ছবি, তিনি ক্যাপ পরেছেন এবং মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী মাসে সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে ইংলিশ দল। এরপর ডাবলিনে আইরিশদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নামবে তারা। তিন সিরিজকে সামনে রেখে ইংলিশদের সম্ভাবনাময় ক্রিকেটারদের একজন জ্যাকব বেথেল পেয়েছেন বড় দায়িত্ব। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে তাকে। ইংলিশদের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে চলেছেন ২১ বর্ষী এই অলরাউন্ডার।

সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার রেকর্ড বর্তমানে মন্টি বাউডেনের। ১৮৮৯ সালের মার্চে সাউথ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ২৩ বছর ১৪৪ দিন বয়সে। পরে সেটিই হয়ে থাকে তার শেষ টেস্ট। এই উইকেটরক্ষক-ব্যাটার ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট খেলেন ওই সফরেই। তার ১৩৬ বছরের বেশি সময়ের অক্ষত রেকর্ডটা ভেঙে দেয়ার অপেক্ষায় এখন বেথেল।

বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বেথেল সুযোগ পেয়েছেন মূলত সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুকসহ তিন সংস্করণের নিয়মিত ক্রিকেটার জোফরা আর্চার, ব্রাইডন কার্স, বেন ডাকেট ও জেমি স্মিথকে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেয়ায়। সাউথ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অবশ্য খেলবেন তারা।

তিন সিরিজের জন্যই শুক্রবার আলাদা দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সনি বেকার। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে ২২ বর্ষী পেসারকে।

এপর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন চার টেস্ট, ১২ ওয়ানডে ও ১৩ টি-টুয়েন্টি খেলেছেন বেথেল। প্রথম তিন টেস্টেই ফিফটি করেন তিনি। অধিনায়ক হিসেবে তার একমাত্র অভিজ্ঞতা বলতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেয়া।

সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক)।

সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টুয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), লুক উড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টুয়েন্টি দল: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), লুক উড।

বিষয়:আয়ারল্যান্ড ইংল্যান্ড বেথেল সাউথ আফ্রিকা হ্যারি ব্রুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…