ফুটবল

বয়স কোনো বাধা নয় বেনজেমার কাছে

বেনজেমা রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বেনজেমা মাঠে উল্লাসে রয়েছেন, তিনি জার্সি পরা এবং বৃষ্টির মধ্যে খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল করিম বেনজেমা। এ মৌসুমেও ফরোয়ার্ড লাইনে নেতৃত্ব থাকছে ফ্রেঞ্চম্যানের কাঁধেই। সঙ্গে অধিনায়কত্বের ভারটাও যুক্ত হয়েছে ৩৪ বর্ষী তারকার। এতসব সামলানোর ক্ষেত্রে বয়সটা বাধা হয়ে দাঁড়াবে না বলেই মত বেনজেমার। কণ্ঠে আত্মবিশ্বাসের সুর, পরিশ্রম দিয়ে বয়সের বাঁধা জয় করবেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী স্ট্রাইকার।

উয়েফা সুপার কাপে বুধবার রাতে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নামবে রিয়াল। ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথাই শুনিয়েছেন বেনজেমা।

‘বয়স বলে কিছু নেই। এটা সত্যি যে আমরা তরুণ নই। তবে মাঠের ভেতরে ও বাইরে কঠোর পরিশ্রম করি। খুব ভালো স্কোয়াড আমাদের। আশা করি গতবারের চেয়ে ভালো মৌসুম যাবে এবার।’

অনেক চেষ্টায়ও গত মৌসুমে এমবাপেকে দলে টানতে পারেনি রিয়াল। পরে বিকল্প কোনো ফরোয়ার্ড না কিনেই মৌসুম শুরু করতে চলেছে স্প্যানিশ জায়ান্টরা। বিকল্পের প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন অবশ্য এড়িয়ে গেছেন রিয়াল অধিনায়ক। উত্তরটা দিতে হয়েছে কোচ কার্লো আনচেলত্তিকে।

আপাতত হাতে অনেক বিকল্প আছে, কোনো কারণে বেনজেমা খেলতে না পারলেও সমস্যা সমাধানে রিয়ালকে বেগ পেতে হবে না বলেই মত আনচেলত্তির।

‘আমাদের অনেক ফরোয়ার্ড আছে। বেশ ভালো তালিকা এটি। করিম, মারিয়ানো, হ্যাজার্ড, রদ্রিগো, ভিনিসিয়াস, আসেনসিও।’

‘বিশ্বের সেরা ফরোয়ার্ডকে যদি কোনো কারণে না পাওয়া যায়, তাহলে অবশ্যই তা দলে প্রভাব ফেলবে। তবে সমাধানও আমাদের জানা আছে। করিমের বিকল্প পাওয়া তো অসম্ভব।’

সাদা জার্সিতে গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন বেনজেমা। ৩৩ বছর বয়সে এসে রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত বছর ৪৪টি গোল করেছেন।

বিষয়:আনচেলত্তি ফ্রাঙ্কফুর্ট বেনজেমা রিয়াল সুপার কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…