কর্ণাটকের মাণ্ডিয়া জেলায় ৬৯ বছর বয়সী নূর নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, যিনি সারা জীবন ভিক্ষা করেছেন। ওই বৃদ্ধার মৃত্যুর পর তার বাড়ি থেকে ৩০টিরও বেশি বস্তার মধ্য থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গতকাল বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। তার মৃত্যুর পর স্থানীয়রা তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০টিরও বেশি বস্তার ভেতর থেকে ১০, ২০ এবং ৫০ টাকার হাজার হাজার মুদ্রা ও নোট উদ্ধার করেন। একটি ভিডিওতে স্থানীয়দের ওই বৃদ্ধার বাড়ি থেকে টাকা উদ্ধার করতে দেখা যায় ।
হুর তার বোনের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। তার বোন দুই বছর আগে মারা যান। তারা দুজনই অবিবাহিত ছিলেন।
বৃদ্ধার মৃত্যুর পর তার বাড়িতে পাওয়া টাকাগুলো তার দুই ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা একজন ৬ লক্ষ টাকা এবং অন্যজন ২ লাখ ৪০ টাকা নিয়েছিলেন। পরে তারা সেই টাকা একটি মসজিদে দান করে দেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু হওয়ায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।









