সামাজিক যোগাযোগমাধ্যমে বৃষ্টির গানের সঙ্গে হাঁটার একটি ভিডিও প্রকাশ করে অনলাইন বুলিংয়ের শিকার হওয়া সিলেটের শিক্ষিকা বিউটি রানী পাল তার পাশে দাঁড়ানো শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়নের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিউটি রানী পাল লেখেন, তার পাশে দাঁড়ানো সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ।
তিনি বলেন, আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।
তিনি আরও বলেন, আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

সম্প্রতি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে বৃষ্টির গানের সঙ্গে স্কুল প্রাঙ্গণে হাঁটার একটি রিল ভিডিও প্রকাশ করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোষ্ঠী তাকে নিয়ে ট্রল ও সমালোচনা শুরু করে। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।
তবে এই ঘটনার পর দেশজুড়ে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি সংহতি প্রকাশ করেন। অনেকেই একই ধরনের ভিডিও প্রকাশ করে অনলাইন বুলিংয়ের প্রতিবাদ জানান। এরই মধ্যে সোমবার ফেঞ্চুগঞ্জ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিউটি রানী পাল।
উল্লেখ্য, বিউটি রানী পাল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ২০২৬ সালে তিনি জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।

