ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টুয়েন্টি সিরিজে ভালো করেনি বাংলাদেশ। সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে। ছোট সংস্করণে খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বেও ফুটে উঠছে দুর্বলতা।
ওমান ও আরব আমিরাতে হওয়া গত টি-টুয়েন্টি বিশ্বকাপেও মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব নিয়ে উঠেছিল প্রশ্ন। দলের চরম ভরাডুবির পরও দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়নি বিসিবি।
গুঞ্জন রয়েছে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আরেকটি টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন অধিনায়ক ঘোষণা করা হবে। তারই প্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয় বোর্ডের ভাবনা।
তিনি বললেন, ‘দল দেশে ফিরুক। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করি। তারপর এ ব্যাপারে কথা বলা যাবে। হুট করে সিদ্ধান্ত নেয়ার পক্ষে নেই। আর অধিনায়ক বদলালেও যে আহামরি কোনো পরিবর্তন আসবে এই সংস্করণে, সে বিশ্বাস রাখতে পারছি না।’
কিছুদিন আগে টেস্টের নেতৃত্ব ছেড়েছেন মুমিনুল হক। দায়িত্ব দেয়া হয় সাকিব আল হাসানকে। সহ-অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। বিসিবি সভাপতি জানালেন, শিগগিরই ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়কের নামও ঘোষণা করা হবে।









