প্রতিবছরের মতো এবারও বরিশালে উপমহাদেশের বৃহৎ শ্মশানে দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত হাজারো মানুষ এই শ্মশানে দীপাবলি উৎসবে অংশ নেন।
প্রায় ২শ’ বছরের প্রাচীন এই উৎসবে আগতরা তাদের স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ, ধূপ কাঠি প্রজ্বালন করেন এবং সমাধিতে প্রিয়জনের প্রিয় খাবার রেখে আসেন।
উৎসবে অংশগ্রহণকারীরা বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর ভূত চতুর্দশী ও পুণ্য তিথিতে এই আয়োজন বরিশালে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব বলে বিবেচিত। নগরীর কাউনিয়ার মহাশ্মশানে স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা আমাদের। শ্মশান দীপাবলি উৎসবকে ঘিরে প্রায় ৭ একর এলাকা জুড়ে নিশ্রিছদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান দীপাবলি উদযাপন কমিটি।
বরিশাল মহাশ্মশান কমিটির সভাপতি মানিক মুখার্জী বলেন, প্রতি বছর পূর্ব পুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে দীপাবলির সময় দেশ ও বিদেশ থেকে ১০-১৫ হাজার মানুষ এখানে আসেন। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শশ্মান।








