মিরপুরে ফিরে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। এবার খুলনা টাইগার্সকে হারিয়ে এতদিন শীর্ষে থাকা রংপুরকে ধরে ফেলল তামিম ইকবালের দল। মেহেদী হাসান মিরাজদের ৫ উইকেটে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দলটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দিনের প্রথম খেলায় টসে জিতে খুলনাকে আগে ব্যাটে পাঠায় বরিশাল। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে পাঁচ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।
১০ ম্যাচে আট জয়ে রংপুরের সমান ১৬ পয়েন্ট এখন বরিশালের, টেবিলের দুইয়ে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে এখনও শীর্ষ অটুট রয়েছে রংপুরের। অন্যদিকে ১০ ম্যাচে ৪ জয়ে টেবিলের পাঁচে খুলনা।
আগে ব্যাটে নামা খুলনা ব্যাটারদের মধ্যে দারুণ করেন নাঈম শেখ। পাঁচটি চার ও তিন ছক্কায় ২৭ বলে ৫১ রান করেন। দুটি করে চার ও ছক্কায় ২৭ বলে ৩২ রান করেন আফিফ হোসেন। ১৮ বলে ২৯ রান করেন মেহেদী হাসান মিরাজ, ১২ বলে ২৭ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। অ্যালেক্স রোস ১৫ বলে ২০ রান এবং উইলিয়াম বোসিস্তো ১৬ বলে ২০ রান করেন।
বরিশালের হয়ে ফাহিম আশরাফ দুটি উইকেট নেন। ইবাদত হোসেন, জেমস ফুলার ও মোহাম্মদ নবী নেন একটি করে উইকেট।
জবাবে নেমে বরিশালের শুরুটা ভালো হয়নি। ১১ রানে ফিরে যান তাওহীদ হৃদয়। ডেভিড মালান ও তামিম ইকবাল দ্বিতীয় উইকেটে যোগ করেন ৯১ রান। ২৫ বলে ২৭ রান করে তামিম ফিরে গেলে জুটি ভাঙে। ব্যাট হাতে ঝড় তোলা মালান ফিরে যান ১২১ রানে। আট চার ও তিন ছক্কায় ৩৭ বলে ৬৩ রান করেন ইংলিশ তারকা।
মাহমুদউল্লাহ ১৩ বলে ২৪ রান এবং মুশফিকুর রহিম ১৭ বলে ২৪ রান করে আউট হন। শেষে ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবী বরিশালকে জয়ের বন্দরে পৌঁছান। ফাহিম ৬ বলে ১৮ এবং নবী ১০ বলে ১৫ রান করেন।
খুলনার হয়ে আবু হায়দার রনি দুটি উইকেট নেন। সালমান ইরশাদ ও আফিফ হোসেন নেন একটি করে উইকেট নেন।








