গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েতের আবদালী, মতলা ও বিমানবন্দরসহ বেশ কিছু এলাকায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। মূলত কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে কয়েকজন বেসামরিক শ্রমিক আহত হয়েছেন।
কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী আজিজ আল দাইহানী এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে আগেই এ ধরনের সংঘাতের আভাস দেওয়া হয়েছিল।
উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত সরকার সকল স্কুল-কলেজ এবং মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা করেছে। এদিকে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসীকে সতর্ক থাকার ও নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছে।







