আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ইউরোপে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬’-এ তিনি এই সাফল্য অর্জন করেন।
সোমবার ৩১ আগস্ট ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতাটি গত ২৬ থেকে ৩০ আগস্ট বোল্টনের ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১১০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার ‘এ২’ গ্রুপে অংশ নিয়ে তৃতীয় হন হাফেজ সাদ। সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে তিনি বিচারকদের প্রশংসা অর্জন করেন। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সনদ ও সম্মাননা দেওয়া হয়।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রাজধানীর মিরপুর-১-এর দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী। এর আগে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সৌদি আরব, দুবাই, ইরান ও তুরস্কসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন।
সাদের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই অর্জন শুধু সাদ নূরের নয়, বরং পুরো বাংলাদেশের।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো কুরআনের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলা যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং কুরআনময় বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে হাফেজ সাদ মুহাম্মাদ নুরের এই সাফল্য দেশের নতুন প্রজন্মের কুরআন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।










