২১ বছর পেছনে ফিরে গেলে ঈদুল আজহার দিনের একটি স্মৃতি দেশের ক্রিকেটপ্রেমীরা ভুলে যেতে চাইবেন। ওয়ানডে বিশ্বকাপে অপেশাদার ক্রিকেটারদের নিয়ে গঠিত দল কানাডার সঙ্গে অপ্রত্যাশিতভাবে হেরে বসেছিল বাংলাদেশ। সেই অতীত আর ফেরাতে চায় না লাল-সবুজের দল। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠে সমর্থকদের ঈদের খুশি বাড়াতে চান সাকিব আল হাসান।
আগামী সোমবার ঈদের দিন নেপালের বিপক্ষে ম্যাচ জিতে দেশবাসীকে আনন্দ উপহার দিতে চান কিনা? এমন প্রশ্ন টাইগার অলরাউন্ডার বলেছেন, ‘নেপালের ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাব। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। আশা করি, ঈদের দিনে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারব।’
নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। দীর্ঘ ১৯ ইনিংস পর হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া সাবেক অধিনায়ক ৪৬ বলে ৯ চারে ৬৪ রানের অপরাজিত কার্যকরী ইনিংস খেলেছেন। যদিও নিজের অফফর্ম নিয়ে কিছুই ভাবছিলেন না, জানালেন এমন।
‘নিজেরটা নিয়ে কখনই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনও এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি, সেটা ভালো লাগে। যেটা বললাম, আজকে হয়তো আমার দিন ছিল। সামনের ম্যাচে হয়ত অন্যকারও দিন আসবে।’







