সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে হার দেখেছে বাংলাদেশ। টাইগারদের চোখ এখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। সিরিজ বাঁচাতে চট্টগ্রাম পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল।
সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচ সামনে রেখে শুক্রবার চট্টগ্রামে পা রেখেছেন নাজমুলরা। টাইগারদের পাশাপাশি চট্টগ্রামে পা রেখেছেন জিম্বাবুয়ে ক্রিকেটাররাও।
চট্টগ্রাম টেস্টের জন্য প্রথম টেস্টের দলে দুই পরিবর্তন আনা হয়ছে। জাকির হোসেনকে বাদ দিয়ে নেয়া হয়েছে এনামুল হক বিজয়কে। পেসার নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে নেয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার তানভীর ইসলামকে।
বিজয় সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে। চলতি ডিপিএলে আছেন দুর্দান্ত ছন্দে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে এপর্যন্ত চারটি সেঞ্চুরি করেছেন। দীর্ঘ তিন বছর পর ৩২ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার ফিরলেন টেস্ট স্কোয়াডে।
চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ–অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।








