সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে শক্ত অবস্থান গড়ে তুলেছে বাংলাদেশ। সাইফ-তানজিদের জোড়া ফিফটিতে জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে তাওহীদ হৃদয়ের দল।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে টিম টাইগার্স।
বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। উদ্বোধনী জুটিতে ১২০ রান যোগ করে বড় সংগ্রহের পথে দেখান। সাইফ ৪৫ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৫ রান করে সিকান্দার রাজার শিকার হন। তানজিদ ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় খেলেন ৫৮ রানের কার্যকর ইনিংস।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক তাওহীদ হৃদয় ৫ বলে ৬, পারভেজ হোসেন ইমন ২ বলে ১ এবং নুরুল হাসান ২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন।
শেষদিকে ঝড় তোলেন ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন। ইয়াসির ১২ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২২ রান করেন। সাইফউদ্দিন মাত্র ১০ বলে এক ওভারে টানা মারা ৪ ছক্কায় বিধ্বংসী অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেন অধিনায়ক সিকান্দার রাজা।









