জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমদিনে প্রথম ইনিংসে দেড়শর আগে অলআউট হওয়ার পর বোলিংয়েও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় দিন শেষে এখনও ২৩০ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ইনিংসে আগে ব্যাটে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয় টিম টাইগার্স। জবাবে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণির মুখে পড়েও ২৭০ রানের লিড তোলে রিচার্ড এনগারাভার দল।
জিম্বাবুয়ে প্রথম দিনে ৩৪ ওভার খেলে ১৩৬ রান তুলেছিল ১ উইকেট হারিয়ে। দ্বিতীয় দিনে দলটি আরও ৭৩.২ ওভার খেলেছে। সবমিলে সংগ্রহ দাঁড়ায় ৪১০ রানে, লিড পায় ২৭০ রানের। ওপেনার ইনোসেন্ট কাইয়া সর্বোচ্চ ১৪০ রান করেন।
দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওয়েসলি মাধেভেরের থেকে, ৭৭ রান। ক্রেইগ আরভিন ৬০ রান, ব্রায়ান বেনেট ৫৯ রান করে আউট হন। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে প্রথম ইনিংসে পাহাড়সম সংগ্রহ গড়ে দলটি।
বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৭ উইকেট। দুটি উইকেট নেন খালেদ আহমেদ।
বাংলাদেশ বড় রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় দিনে ৯ ওভার ব্যাট করেছে। সংগ্রহ দাঁড়িয়েছে ৪০ রান ১ উইকেট হারিয়ে। ২১ রানে ওপেনার মাহমুদুল হাসান জয় ও ৯ রানে মুমিনুল হক অপরাজিত আছেন। তৃতীয় দিনে ব্যাটে নামবেন তারা। ৯ রানে আউট হয়েছেন ওপেনার সাদমান ইসলাম।







