জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। সিলেট টেস্টে হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। রোডেশিয়ানদের বিপক্ষে সাগরিকায় ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স। দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক শোনালেন, ভালো পারফরম্যান্স করতে চান তারা।
আগামী সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার আগে শনিবার অনুশীলনে আসেন জাকের আলি অনিক। সেখানে বলেন, ‘ভালো পারফরম্যান্স করা উচিৎ। ভালো পারফরম্যান্সের ওপর আর কিছু নেই। আমাদের সবার লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করা।’
বাংলাদেশ ক্রিকেট আগের চেয়ে পিছিয়ে যাচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে জাকের বলেন, ‘যেহেতু সিনিয়র ক্রিকেটাররা যাবেন (অবসরে), স্বাভাবিকভাবেই তরুণ ক্রিকেটারদের মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আমার কাছে মনে হয় কয়েকদিন সময় লাগবে। আর এটা রিকভার হয়ে যাবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন জাকের। বলেছেন, ‘হার তো যেকোনো দলের বিপক্ষে হতে পারে। আমাদের প্রক্রিয়া ঠিক থাকা উচিত, যার সাথেই খেলি। ব্যাটিং নিয়েই মূলত আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি এ কারণেই স্ট্রাগল করছি। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়। সবসময় তো বোলাররা জেতাবে না। বেশিরভাগ ম্যাচ বোলাররাই জেতায়।’
‘আমরা যেহেতু ভুল করি, এজন্যই হারি। সাধারণ ব্যাপার। যেহেতু প্রথম টেস্টের ফলাফল আমাদের পক্ষে যায়নি, আমরা আমাদের প্রক্রিয়াতেই আছি। ম্যাচের পর ভালো আলোচনা হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটায় সংগ্রাম করতে হয়েছে। ফোকাস থাকবে যেন ব্যাটিং ভালো হয়। বেশিরভাগ ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করি।’







