চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিনে প্রথম সেশন খুব একটা নিয়ন্ত্রণে ছিল না টাইগারদের। ২ উইকেট তুলে নিতে পারলেও ৮৯ রান তুলেছে রোডেশিয়ানরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথম সেশন শেষে ২৮ ওভারে ২ উইকেটে ৮৯ রান তুলেছে তারা। নিক ওয়েলচ ৩২ রানে এবং শন উইলিয়ামস ৬ রানে ব্যাট করছেন।
প্রথম সাফল্য পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয় নবম ওভার পর্যন্ত। ৮.২ ওভারে দলীয় ৪১ রানে ব্রায়ান বেনেটকে ফেরান বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া তানজিম সাকিব। বেনেট ৩৩ বলে ২১ রান করেন।
১৯তম ওভারে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৭২ রানে বেন কারেনকে বোল্ড করেন তাইজুল ইসলাম। কারেন ৫০ বলে ২১ রান করেন। পরে শন উইলিয়ামসকে নিয়ে প্রথম সেশন পার করেন নিক ওয়েলচ।







