মিরপুরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশের মেয়েরা হেরেছিল ২-১ ব্যবধানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিগার সুলতানা জ্যোতিরা হারিয়েছেন ভারতের নারী দলকে। এরমধ্যে মঙ্গলবার মেয়েদের ওয়ানডের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে ফারজানা হক ও জ্যোতির। বল হাতে এখনও বাংলাদেশের সেরা অবস্থান বাদ পড়া সালমা খাতুনের।
মেয়েদের ওয়ানডে ফরম্যাটে র্যাঙ্কিংয়ে ৭০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ দলের অবস্থান সাতে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। ৬৮ রেটিং নিয়ে আটে তারা।
ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন নেই টাইগ্রেস ক্রিকেটারদের। একধাপ এগিয়েছেন ফারজানা হক। ৪৬৭ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে এসেছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ফারজানাই সবার উপরে। পাঁচ ধাপ এগিয়েছেন অধিনায়ক জ্যোতি। ৪৫১ পয়েন্ট নিয়ে ৩১-এসেছেন। শীর্ষে বহাল অস্ট্রেলিয়ার বেথ মুনি, ৭৬৯ রেটিং পয়েন্ট তার।
বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ নেই বাংলাদেশের কেউ। বাংলাদেশি বোলাদের মধ্যে শীর্ষে এখনও দলে না থাকা সালমা খাতুন। ৫১৪ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে রয়েছেন। সালমা খাতুন সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে, নিউজিল্যান্ড সফরে।
বল হাতে ছয় ধাপ এগিয়েছেন নাহিদা আক্তার। ৪৭৭ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে এসেছেন। তবে তিন ধাপ করে পিছিয়েছেন দলে না থাকা রুমানা আহমেদ ও জাহানারা আলম। ৪৭৭ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে রুমানা, ৪৪২ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে জাহানারা।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত বল করা মারুফা আক্তারের উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। প্রথমবার সেরা ১০০তে এসেছেন। ১৯১ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ১০০তে। বোলিংয়ের শীর্ষে ইংল্যান্ডের একলেস্টন, ৭৫৬ রেটিং পয়েন্ট তার।







