শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সবশেষ সিরিজেই এমনটা দেখা গিয়েছিল। যেখানে ৬ ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। তারই ধারাবাহিকতা ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১০৩ রানে।
অ্যান্টিগায় রোদের তেজ বাড়ার আগেই অলআউট বাংলাদেশ। সফরকারীদের ইনিংস শেষ হয়ে লাঞ্চ বিরতির পর। মাত্র ৩২.৫ ওভার খেলতে পেরেছে বাংলাদেশ।
লাঞ্চ বিরতির পর আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন শুধু সাকিব আল হাসান। অধিনায়কের একার লড়াই থামে ফিফটি তোলার পর। ৫১ রানে আউট হন নবম ব্যাটার হিসেবে। আলঝারি জোসেফের ওই ওভারেই খালেদ আহমেদ শুন্য রানে ফিরলে ইনিংস শেষ হয়।
তামিম ইকবাল একপ্রান্ত আগলে রেখেছিলেন কিছুক্ষণ। শুরুর তিন ব্যাটারের (জয়, শান্ত, মুমিনুল) শূন্যের পরও বাংলাদেশ আশা দেখছিল এই অভিজ্ঞ ওপেনারকে ঘিরে। তামিমের বিদায়ের পর টপাটপ আরও কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ।
আলঝারি জোসেফ ও জেইডেন সেলেস নেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট নেন কেমার রোচ ও কাইল মায়ার্স।







